মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে টুঙ্গী ফুটবল একাদশ তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রবিবার বিকেলে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে টুঙ্গী ফুটবল একাদশ ২-১ গোলে কার্পাসডাঙ্গা একাদশকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধের ২০ মিনিটে জিহাদের বাড়ানো বল থেকে রাজা দারুণ শটে গোল করে টুঙ্গীকে এগিয়ে নেন। চার মিনিট পর দীপুর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন তিনি।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে কার্পাসডাঙ্গা একাদশের বদলি খেলোয়াড় তারিক ডি-বক্সের ভেতর থেকে গোল করে ব্যবধান ২-১ করেন। তবে বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টুঙ্গী ফুটবল একাদশ। এর আগে প্রথমার্ধে আরও দুটি সহজ সুযোগ পেলেও হ্যাটট্রিক পূর্ণ করতে পারেননি টুঙ্গীর রাজা।
দুই গোল করে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন টুঙ্গী একাদশের রাজা। খেলা শেষে সজীব স্পোর্টসের সৌজন্যে তার হাতে পুরস্কার তুলে দেন চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী।
এ সময় সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আজিত আলী, সদস্য সচিব আব্দুল মতিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিয়াউর রহমান, শামীম রেজা, জেলা ফুটবল কোচ আব্দুল মালেকসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।