মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলায় ধলা সীমান্ত দিয়ে ৩জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
শুক্রবার ভোরে আন্তর্জাতিক সীমান্তের ১৩৫ নম্বর প্রধান পিলারের ৭এস উপ-পিলার সংলগ্ন ধলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় ওই ৩জনকে।
স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের এ পদক্ষেপের কড়া প্রতিবাদ জানায়। এ সময় পুশইনের বিরুদ্ধে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারাও। একপর্যায়ে শুক্রবার সকাল ৭টার দিকে ওই ৩জনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।
জানা গেছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ২জন পুরুষ ও ১জন নারী ছিলেন।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ এবং এলাকাবাসীর প্রতিরোধের কারণেই ব্যর্থ হয়েছে পুশইনের চেষ্টা।
উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪জন এবং ২৫ জুন গাংনী উপজেলার শহড়াতলা সীমান্তে ৭জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। প্রতিটি ঘটনাতেই বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।