মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বল্লভপুর হাসপাতাল ফুটবল একাদশ।
বৃহস্পতিবার বিকেলে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে বল্লভপুর হাসপাতাল ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে বামন্দী একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
খেলার প্রথমার্ধের ৮ মিনিটে বামন্দীর শিমুল বাম প্রান্ত দিয়ে ডি-বক্সে প্রবেশ করলে বল্লভপুরের রিপন তাকে ফাউল করেন। এতে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে শিমুল গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে বল্লভপুরের জুলিয়ান গোল করে ম্যাচে সমতা ফেরান। মাঝমাঠ থেকে ঋত্বিকের বাড়ানো বল কাজে লাগিয়ে জুলিয়ান জালে বল পাঠান। সমতা ফেরানোর পর বল্লভপুর পরপর দুটি সহজ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে বল্লভপুরের হয়ে লিটন, রাসেল, ঋত্বিক ও জুলিয়ান সফলভাবে গোল করেন। বামন্দী একাদশের পক্ষে শিমুল, সম্রাট ও তানভীর গোল করেন। তবে তরুণ ও রিমনের শটের মধ্যে রিমনের কিক বল্লভপুরের গোলরক্ষক জয়ন্ত দারুণ দক্ষতায় প্রতিহত করেন।
দুর্দান্ত নৈপুণ্যের জন্য বল্লভপুরের গোলরক্ষক জয়ন্ত ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। খেলা শেষে সজীব স্পোর্টসের পক্ষ থেকে তাকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা জাসাসের সভাপতি বাকা বিল্লাহ, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমি এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আব্দুল মতিন উপস্থিত ছিলেন।