মেহেরপুর নিউজ:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে সাংবাদিকদের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিভিল সার্জন অফিসের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার এবং পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন।
বক্তারা আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সভায় জানানো হয়, মেহেরপুর জেলার ৪৭৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬১৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশু এ কর্মসূচির আওতায় আসবে।
উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, মেহেরপুর সদর উপজেলায় ১২১টি কেন্দ্রে ২১ হাজার ১৩৬ জন, গাংনী উপজেলায় ২১৭টি কেন্দ্রে ৪০ হাজার ৮০০ জন, মুজিবনগর উপজেলায় ৯৭টি কেন্দ্রে ৯ হাজার ২০০ জন এবং মেহেরপুর পৌরসভায় ৩৯টি কেন্দ্রে ৪ হাজার ৪৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।