মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুনকুঁড়ি সিজন-২ ফুটবল প্রতিযোগিতার সদর উপজেলা পর্যায়ের ফাইনালে উঠেছে বুড়িপোতা ও আমদহ ইউনিয়ন।
শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল খেলায় জয়লাভ করে দল দুটি ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। প্রথম সেমিফাইনালে বুড়িপোতা ইউনিয়ন ১-০ গোলে শ্যামপুর ইউনিয়নকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বুড়িপোতার পক্ষে একমাত্র গোলটি করেন সাইফ।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে আমদহ ইউনিয়ন ৪-০ গোলের বড় ব্যবধানে পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আমদহের পক্ষে রাসেল জোড়া গোল করেন। এছাড়া সিয়াম ও আরিফ একটি করে গোল করেন।
এর আগে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
খেলা চলাকালে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আয়োব হোসেন, ক্রীড়া শিক্ষক সোহেল রানা, শুকুর আলী ও আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।