মেহেরপুর নিউজ:
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন পাওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনপত্র হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে কর্মরত উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা আনন্দ প্রকাশ করেন।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক (ম্যানেজমেন্ট অনুবিভাগ) ড. মো. মহিবুল হাসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
অনুমোদনপত্র পাওয়ার পর মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মিষ্টিমুখ করান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
এর আগে গত ৬ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল মেহেরপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার মাত্র ৯ দিনের মাথায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, খুব শিগগিরই শিক্ষার্থী ভর্তির জন্য ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শুরুর পথ আরও সুগম হলো।