মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর বাবুপুর একাদশ প্রথমে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাবুপুর একাদশ ২-১ গোলে ধলা একাদশকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধের ৪ মিনিটেই এগিয়ে যায় ধলা একাদশ। ডি-বক্সের বাইরে থেকে মুন্নার বাড়ানো বলে রবিনের হেডে গোল হলে ১-০ ব্যবধানে লিড নেয় ধলা। তবে ২৪ মিনিটে ডি-বক্সের কোণা থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগিয়ে সমতায় ফেরে বাবুপুর। সজীবের নেওয়া ফ্রি-কিকে লিখনের ছোঁয়ায় বল জালে জড়ালে স্কোরলাইন হয় ১-১।
দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে মাঝমাঠের কিছুটা নিচ থেকে হৃদয়ের দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে বাবুপুরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ধলা একাদশ সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাবুপুর একাদশ।
ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বাবুপুরের সজীব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে সজীব স্পোর্টসের পক্ষ থেকে তাকে পুরস্কার প্রদান করা হয়। চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী তার হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আজিত, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমিসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।