মেহেরপুর নিউজ :
প্রেমের গল্পে ফুল, চকলেট আর মিষ্টি কথার বদলে এবার হাজির বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট! মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপড়া এলাকার নবীনপুর গ্রামে এমন এক ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য।
রবিবার দুপুরে নবীনপুর গ্রাম থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা বোমা সদৃশ বস্তুটির গায়ে প্রেমিকাকে হুমকি দিয়ে লেখা একটি চিরকুটও পাওয়া যায়।
এতে লেখা ছিল,আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।
কালো কস্টেপ দিয়ে মোড়ানো বস্তুটি নবীনপুর গ্রামের খেলার মাঠের পাশে একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর রাখা ছিল। স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানার পুলিশের সদস্যরা বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনো যুবক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে চিরকুট লিখে একটি জর্দার কৌটার তৈরী বোমাসদৃশ বস্তুর গায়ে কাগজটি লাগিয়ে রেখে যায়। তবে প্রেমিকাকে উদ্দেশ্য করে এ ধরনের চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা এ থানায় এবারই প্রথম।