মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে ৪ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর উদ্বোধন করেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, স্কাউট পতাকা ও কাব ক্যাম্পুরীর পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীতের সুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন স্কাউট পতাকা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম কাব ক্যাম্পুরীর পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবলু। প্রার্থনা সংগীত পরিবেশন করে তেরোঘরিয়া আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তাসলিমা আক্তার তমা। গ্র্যান্ড ইয়েল দেন উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাহেদ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কাব কমিশনার শফিকুল ইসলাম মিন্টু ও কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার এখনই সময়। কাব স্কাউটিং শিশুদের সুশৃঙ্খল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রাথমিক স্তর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্কাউটসের সহসভাপতি আবুল কালাম আজাদ, কাব লিডার ইয়াসনবী, নুরুল গনি, মিনারুল ইসলাম, গোলাম জাকারিয়া ও মঞ্জুয়ারা প্রমুখ।
চার দিনব্যাপী এ ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীতে মেহেরপুর সদর উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয়জন করে মোট ১২০ জন কাব সদস্য অংশগ্রহণ করছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিটি বিদ্যালয় থেকে একজন করে শিক্ষকও ক্যাম্পুরীতে অংশ নিচ্ছেন।