মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকার কৃতী সন্তান শাহমিজ বকুল বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজেএমইএ’র (BGMEA) স্মল কটেজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।
রবিবার রাতে বিজেএমইএ’র পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। শাহমিজ বকুল মেহেরপুর সদর উপজেলার রামসতি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
শিল্পখাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ দায়িত্ব লাভ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর নেতৃত্বে দেশের ক্ষুদ্র ও কুটিরভিত্তিক পোশাক শিল্প আরও গতিশীল হবে এবং এ খাতের উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে।
এছাড়া নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র পোশাক শিল্পের বিকাশে শাহমিজ বকুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
শাহমিজ বকুলের এ অর্জনে মেহেরপুরসহ বিভিন্ন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।