মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের বি ওয়াই হাই ক্লাবের উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, গেমস শিক্ষক শহিদুল ইসলাম এবং বি ওয়াই এফসি মুজিবনগরের প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল।
কর্মসূচিতে বি ওয়াই হাই ক্লাবের সদস্যরা মাদারতলা থেকে খোলশিগাড়ি বিজিপি ক্যাম্প পর্যন্ত সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করেন। দীর্ঘদিন ধরে রাস্তার দুপাশে জঙ্গল থাকায় শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা ভীতি নিয়ে চলাচল করত এবং দুর্ঘটনার ঝুঁকিতে থাকত।
স্থানীয় পথচারীরা জানান, রাস্তার দুই পাশ পরিষ্কার হওয়ায় চলাচল এখন অনেক বেশি নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য বি ওয়াই হাই ক্লাব ও বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।