মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সামিউল কবির এবং মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সায়মুনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জসীম উদ্দীন।
কর্মশালায় বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।