মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে বিরোধপূর্ণ জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তহুরা খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তহুরা খাতুন সোনাপুর গ্রামের মৃত রমজান মহালদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের বাকের মহালদারের ছেলে আহসান মহালদার, তাঁর ছেলে মহিরুদ্দিন মহালদার, ছহিরুদ্দিন মহালদারসহ তাঁদের লোকজন তহুরা খাতুনের বাড়ির পাশের বিরোধপূর্ণ জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এ সময় তহুরা খাতুন ও তাঁর পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তহুরা খাতুনের মৃত্যু হয়।
এ ঘটনায় হানিফ মহালদার ও আব্দুর রহমান আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই জমি নিয়ে প্রায় আট বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানা গেছে।