মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম “কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)”-এর ৬ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম এবং আমঝুপি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহাবুল-উল আলম।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মানী ভাতার চেক বিতরণ করা হয়।
৬ মাসব্যাপী এ প্রশিক্ষণে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং আমঝুপি ফাজিল মাদ্রাসার মোট ৬১ জন ঝরে পড়া শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঝরে পড়া শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।