মেহেরপুর নিউজঃ
সরকারি রাজস্ব আদায় এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমে বাধা প্রদান ও মিটার রিডারের উপর হামলার প্রতিবাদে মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করেছেন।
শনিবার সকাল থেকে ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেন। ওজোপাডিকো সূত্রে জানা গেছে, গত ২ জুন বিকেলে মেহেরপুর ওজোপাডিকোর মিটার রিডার গাজী জিয়াউর রহমান জুয়েল বড়বাজার ফিডারের আওতাধীন মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান সংলগ্ন সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম শান্তির বাড়ির মিটার রিডিং নিতে গেলে ওই এলাকার জলা মিয়ার ছেলে মাসুদুর রহমান পুল্টন তার ওপর জিআই পাইপ দিয়ে অতর্কিত হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অভিযোগ রয়েছে, শনিবার সকালে জুয়েল পুনরায় ওই এলাকায় মিটার রিডিং নিতে গেলে আবারও তার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন থেকে বিরত থেকে কর্মবিরতি পালন করছেন। তারা কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।