মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (PET)-এর তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর পুলিশ লাইন মাঠে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এদিন প্রার্থীদের চারটি ইভেন্টে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। ইভেন্টগুলো হলো— ১ম: পুশ-আপ, ২য়: সিট-আপ, ৩য়: ড্র্যাগিং এবং ৪র্থ: রোপ ক্লাইম্বিং।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হবে। তিনি আরও বলেন, যারা নিয়োগ পাবেন তারা সম্পূর্ণ নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবেন। তাই কোনো প্রার্থী বা তাদের পরিবারের সদস্য যেন প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এছাড়া পুলিশ সুপার লিখিত পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সকল প্রার্থীকে সতর্কতার সঙ্গে অনলাইনে লিখিত পরীক্ষার ফি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মো. সাইফুল্লাহ, এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।