মেহেরপুর নিউজ:
মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জেলার ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা এবং মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার মোট ৪৭৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬১৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, সদর উপজেলার ১২১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৫৩৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৫৯৭ জন, গাংনী উপজেলার ২১৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৩০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৬ হাজার ৫০০ জন, মুজিবনগর উপজেলার ৯৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ২০০ জন এবং মেহেরপুর পৌরসভার ৩৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৭৭৭ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৭০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।