মেহেরপুর নিউজঃ
পিকেএসএফের উদ্যোগে এবং মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার সহযোগিতায় বাস্তবায়িত বেইজ প্রকল্পের ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ ড. প্রকৌশলী শামীম হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাশার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দারিদ্র বিমোচন সংস্থার উপ-পরিচালক জুবায়ের আলম। এছাড়া প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাজিয়া খাতুন, ফয়সাল আহমেদ ও রিফাত হোসেন।
আয়োজকরা জানান, ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণে ১৮টি ট্রেডে মোট ৭৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের দক্ষতা উন্নয়নের স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়।