মেহেরপুর নিউজঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম এবং আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি করা সম্ভব হবে।
মাসব্যাপী এ অ্যাথলেটিক্স প্রশিক্ষণে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।