মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের উপকণ্ঠে সড়ক দুর্ঘটনায় বিআরটিসির চালক শামীম আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বিআরটিসির একটি কোচ (ঢাকা মেট্রো-ব ১৫-৬০০৪) মেহেরপুর কাউন্টার থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে মেহেরপুর শহরের উপকণ্ঠে ব্র্যাক ও ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মাঝামাঝি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় সামনে একটি ভ্যান চলে আসে।
এ সময় সংঘর্ষ এড়াতে গিয়ে চালক কোচটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কোচটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক শামীম আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত চালক শামীমের বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।