মেহেরপুর নিউজঃ
সারের দাবিতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকরা। বৃহস্পতিবার সকালে গোভীপুর ভৈরব নদের পাশে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা জানান, সার ডিলার গোলাম রসুলের মৃত্যুর পর আমানুল্লাহ নামে এক ব্যক্তি ব্যবসা পরিচালনা করছেন। বুধবার দুপুর ১টা পর্যন্ত সার বিক্রির পর বিক্রি বন্ধ করে পরদিন সকাল ৮টায় আসতে বলা হয় কৃষকদের।
ব্যবসায়ীর নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে কৃষকরা সারের দোকানের সামনে জড়ো হন। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও দোকান না খোলায় ক্ষুব্ধ কৃষকরা বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেন।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি এসে দোকান খুলে সার বিক্রি শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কৃষকদের অভিযোগ, ওই ব্যবসা কেন্দ্রের বিক্রয় প্রতিনিধির অব্যবস্থাপনা ও অসহযোগিতার কারণে তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।