বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতরের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারির সার্বিক তত্ত্বাবধানে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ডিজিটাল ম্যারাথন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে ডিজিটাল ম্যারাথন দৌড়ের উদ্বোধন করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যারাথনের উদ্বোধন করেন। বুড়িপোতা ইউনিয়নের শতাধিক দৌড়বিদ ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহণ করেন।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু করে বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর, ঝাঁঝা গ্রামের মাঝামাঝি স্থান থেকে ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। ৫ কিলোমিটারের এই ম্যারাথনে বুড়িপোতা ইউনিয়নের কামদেবপুর গ্রামের ইমরান হোসেন ১৭ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। পরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে পুরস্কার বিতরণ করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, ওয়াসিম আলী প্রমূখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউপি সদস্যের শরিফ উদ্দিন, আলমগীর হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।