মেহেরপুর নিউজ:

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার। এছাড়া বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কামরুন নাহার ও সীমা খাতুনসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের কামরুন্নাহার। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হন একই ইউনিয়নের সীমা খাতুন এবং শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন বুলবুল হোসেন। শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হন সাহারবাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আমির হামজা। শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বীকৃতি পায় কাথুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয় রায়পুর ইউনিয়ন পরিষদ এবং শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে সম্মাননা লাভ করে মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
একই অনুষ্ঠানে সদর উপজেলা পর্যায়েও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন কুতুবপুর ইউনিয়নের মোসা. পাপিয়া খাতুন। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হন বুড়িপোতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আলপনা খাতুন। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন পিরোজপুর ইউনিয়নের সরোয়ার পারভেজ। শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হন বুড়িপোতা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফিরোজা খাতুন। শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বীকৃতি পায় বুড়িপোতা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা লাভ করে পিরোজপুর ইউনিয়ন পরিষদ।