গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামের গােরস্থান ময়দানের রাস্তা প্রতিবন্ধকতা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কড়ুইগাছি গ্রামের গােরস্থান ময়দানের রাস্তায় মানববন্ধনের আয়োজন করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। গোরস্থানের রাস্তা সংক্রান্ত বিষয়ে মিথ্যা মামলায় গ্রামের কয়েকজনকে হয়রানি করছে এমন অভিযোগ উত্থাপন করে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কড়ুইগাছি গ্রামের প্রবীণ ব্যক্তি মোশারফ হোসেন মন্ডল। মানববন্ধনে বক্তব্য রাখেন কড়ুইগাছি গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক সুমন আলী, স্থানীয় মুসল্লি আবু হানজালা, ইসরাফিল হুসাইন উজ্জল, ফজলুল হক রবিউল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন, গ্রামের সবার জন্যই গোরস্থান উন্মুক্ত। গোরস্থানে প্রবেশ মুখে সামান্য একটু জমির কারণে রাস্তা বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে ওই জায়গার মালিক হানজালা আড়াই শতক জমি গোরস্থানের নামে দান করেন। তখন থেকে গোরস্থানের রাস্তায় মাটি ফেলা শুরু হয়।
গ্রামের মানুষের বৃহত্তর স্বার্থে প্রায় সকলে মিলে গোরস্থানের উন্নয়নে মনোনিবেশ করেন। এরই মাঝে গ্রামে গোলাম জাকারিয়া ও গোলাম রসুল আড়াই শতক জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের অভিযোগ তুলে মেহেরপুর আদালতে ১৪৫ ধারায় একটি পিটিশন দায়ের করেন। যা তদন্তাধীন রয়েছে। এখানে বিবাদি করা হয়েছে গোরস্থান উন্নয়নের দায়িত্বে থাকা গ্রামের ৮ জনকে।
বক্তারা বলেন, হানজালা তার ক্রয় করা সম্পত্তি দান করেছেন। এখানে কোন প্রকার জটিলতা নেই। গোলাম জাকারিয়া ও গোলাম রসুল পক্ষ চায় না যে গ্রামে গোরস্থান হউক। কিংবা রাস্তা হউক। তারা ব্যক্তি স্বার্থে গ্রামের মানুষের বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের ক্ষমতার জোরে গ্রামের মানুষকে এ মামলায় হয়রানি করে যাচ্ছে। একদিকে গ্রামের মানুষ হয়রানি, অন্য দিকে অন্য কোন মামলায় গ্রেফতারের হুমকিতে দিশেহারা হয়ে পড়েছেন। তাই মিথ্যা মামলায় রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।