মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা বিএনপির প্রবীণ রাজনীতিবিদ ইসলাম আলী মাস্টার ও সদ্য প্রয়াত এস এম শাহজাহানের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনসারুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হাসান মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম হাসান এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব জার্জিস ইউসুফ রৌমিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান মরহুম ইসলাম আলী মাস্টার ও এস এম শাহজাহানের রাজনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মেহেরপুরের রাজনীতি ও বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তাঁদের অবদান নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ড ভবিষ্যতেও নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
এ সময় তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনার সঞ্চালনায় অনুষ্ঠান শেষে মরহুম ইসলাম আলী মাস্টার ও এস এম শাহজাহানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।