মেহেরপুর নিউজ :
সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ৮টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন।
আয়োজনে বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অংশগ্রহণ করে।
এদিন সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায়- অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দীন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য নুরুন্নাহার এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কামরুজ্জামান।
দিবসটি উপলক্ষে বিকেল ৫ টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।