মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলী মালীথ্যা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম, কলেজ শিক্ষার্থী নাফিউল ইসলাম, অর্পিতাসহ অন্যান্য বক্তারা।
সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় মাদকের ভয়াবহ কুফল, অনলাইন জুয়া ও ক্যাসিনোর ক্ষতিকর প্রভাব, মোবাইল ফোনের অপব্যবহার এবং মোটরসাইকেলের বেপরোয়া ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সচেতন, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভায় শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সচেতনতামূলক এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।