মেহেরপুর নিউজঃ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসডিপি) এর আওতায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত বিজ্ঞানমেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর এবং সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালীথ্যা।
মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিগার সুলতানার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবু জারিফ জায়ান এবং সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিফ রওশন লাবিব।
প্রতিযোগিতায় সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় আনন্দবাস মিয়া মনসুর একাডেমি এবং তৃতীয় স্থান লাভ করে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক বশির আহমেদ, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।