মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান এবং সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং তামাকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরের নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একই চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র্যালিতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সদর থানার ওসি হুমায়ুন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।