মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ফল মেলার উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা। তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় ৩টি স্টলে বিভিন্ন জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে আম, কাঁঠাল, কলা, তাল, জামরুল, কমলা, মালটা, কামরাঙ্গা, পেঁপেসহ নানা ধরনের মৌসুমি ফল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের উৎসাহিত করা, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ফল উৎপাদন ও ভোগে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য। তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন জাতের ফল প্রদর্শনের পাশাপাশি ফলের পুষ্টিগুণ সম্পর্কেও দর্শনার্থীদের অবহিত করা হবে।