মেহেরপুর নিউজ:
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক সক্ষমতা যাচাই (পিইটি) কার্যক্রমের দ্বিতীয় দিনের ইভেন্ট সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রথম ইভেন্ট (১৬০০/১০০০ মিটার দৌড়), দ্বিতীয় ইভেন্ট (লং জাম্প) এবং তৃতীয় ইভেন্ট (হাই জাম্প) অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। ইভেন্ট শেষে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে তৃতীয় দিনের কার্যক্রমে অংশগ্রহণের জন্য পিইটির একটি করে কপি বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হবে। তিনি বলেন, যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা নিজ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পাবেন। তাই কোনো প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়ে সতর্ক থাকার জন্য তিনি প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মো. সাইফুল্লাহ, এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া জেলা মো. মোস্তাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।