মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের হোটেল বাজার এলাকার শহীদ গফুর সড়কে পত্রিকাটির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ বুলেটিনের মেহেরপুর জেলা প্রতিনিধি এস এম মকিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা অ্যাকাউন্ট অফিসার মো. আবুল কাশেম মিয়া, মেহেরপুর জেলা জাসাসের সদস্যসচিব বাঁকা বিল্লাহ, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন এবং বিশিষ্ট ঠিকাদার উত্তম কুমার শাখারী ননী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক জবাবদিহির মেহেরপুর জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান অপু।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি রাষ্ট্রের গণতন্ত্র অনেকাংশে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নির্ভরশীল। রাষ্ট্রকে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিকল্প নেই। সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ন হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। তাই দেশ ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের সৎ, সাহসী ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।