মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের টার্নআউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশনা দেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাভিদ তাসনিম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।