মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে রামিম হােসেন (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রামিম জেলার গাংনী উপজেলার গােপালনগর গ্রামের রুহুল আমিনের ছেলে। সে গাংনী তালিমুল কােরআন হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বর্তমানে রামিমের পরিবার গাংনী সবজি বাজারপাড়ায় বসবাস করে আসছিল।
সােমবার বিকেলে গাংনী উপজেলা শহরের ডাকবাংলাে পাড়ার একটি পুকুরে ডুবে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বিকেলের দিকে রামিম ও তার বন্ধু সিয়াম বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা খেলছিল। রামিম অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এসময় সিয়াম দৌড়ে তাদের বাড়িতে খবর দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।