মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া দপ্তর থেকে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, দাবা ও ব্যাডমিন্টন সেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবগুলোতে ক্রীড়া সামগ্রী সরবরাহের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনের বিকাশে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।