মেহেরপুর নিউজ:
বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের ৬১ বছর ধরে নির্ধারিত পদমর্যাদার গ্রেড অবনমন করে অযৌক্তিক ও বৈষম্যমূলক বেতন স্কেল ভেটিং আদেশের প্রতিবাদে মেহেরপুরে কর্মবিরতি পালন করা হয়েছে।
বুধবার সকাল থেকে মেহেরপুর বিএডিসি প্রাঙ্গণে বেলা ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
বিএডিসি (সবজি বীজ)-এর উপপরিচালক হাফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন উপপরিচালক (খামার) মিনহাজ উদ্দিন আহমেদ চৌধুরী, উপপরিচালক (বীজ প্রক্রিয়াজাতকরণ) মির্জা শফিকুল ইসলাম, উপপরিচালক (আলু বীজ) জিয়াউর রহমান এবং উপপরিচালক (কন্ট্রাক্ট গ্রোয়ার্স) মো. ইকবাল হোসেন।
বক্তারা বলেন, দীর্ঘ ৬১ বছর ধরে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত পদমর্যাদা ও গ্রেড বিদ্যমান রয়েছে। সম্প্রতি তা অবনমন করে অযৌক্তিক ও বৈষম্যমূলক বেতন স্কেল ভেটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
কর্মবিরতিতে বিএডিসির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা অবিলম্বে বৈষম্যমূলক ভেটিং আদেশ প্রত্যাহার করে পূর্বের পদমর্যাদা ও গ্রেড বহাল রাখার দাবি জানান।