মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনা ওই গ্রামের আল মামুনের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে কনা কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা শিশুরা চিৎকার শুরু করে।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে কনাকে উদ্ধার করেন। পরে তাকে বামন্দী শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।