মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন।
সোমবার সকালে জেলা প্রশাসক কারাগার পরিদর্শনে গিয়ে এর সার্বিক ব্যবস্থাপনা, বন্দীদের আবাসন, নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে কারাগারে সাংস্কৃতিক চর্চার অংশ হিসেবে বন্দীদের পরিচালিত সংগীত কার্যক্রম ঘুরে দেখেন জেলা প্রশাসক। এ সময় বন্দীরা হারমোনিয়াম, তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সহযোগিতায় সংগীত পরিবেশন করেন। বন্দীদের এ ধরনের সৃজনশীল চর্চা মানসিক প্রশান্তি ও সংশোধনমূলক প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করা হয়।
এছাড়া বন্দীদের কর্মসংস্থানমূলক কার্যক্রমও পরিদর্শন করেন জেলা প্রশাসক। কারাবন্দীরা বাঁশ ও বেত দিয়ে কুলা, ডালা, ঝুড়িসহ বিভিন্ন ধরনের হস্তশিল্পসামগ্রী তৈরি করছেন। এসব কার্যক্রম বন্দীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি কারামুক্তির পর স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম করবে বলে সংশ্লিষ্টরা জানান।
জেলা প্রশাসক তৈরিকৃত হস্তশিল্প পণ্যসামগ্রী পরিদর্শন করেন এবং এ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
কারাগারের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে কারা কর্তৃপক্ষের সচেতনতা ও আন্তরিক প্রচেষ্টাও পরিদর্শনকালে বিশেষভাবে লক্ষ্য করা যায়। কারাগারের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
পরিদর্শন শেষে তিনি বন্দীদের মানবিক অধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা, খাদ্যের মান বজায় রাখা এবং সংশোধনমূলক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেল সুপারসহ কারা কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।