মেহেরপুর নিউজ:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রাথমিক শিক্ষক বাছাই করা হয়েছে। এতে মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মিন্টু জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শফিকুল ইসলাম মিন্টু ১৯৯০ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯২ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাস করেন। পরে ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
১৯৯৮ সালের ১৬ জুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। শিক্ষকতা পেশায় যোগদানের পর ২০০২ সাল থেকে গণিত বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও কর্মতৎপরতার কারণে সদর উপজেলা পর্যায়ে তিনি শিক্ষকদের কাছে একজন নেতৃত্বস্থানীয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি এবং মেহেরপুর সদর উপজেলা কাব স্কাউটের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি মেহেরপুর জার্মান বাংলা গার্ডেন সিটিতে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শফিকুল ইসলাম মিন্টু তিন সন্তানের জনক। তাঁর স্ত্রী মোছা. তাছলিমা খাতুনও শিক্ষকতা পেশায় নিয়োজিত। তিনি দিঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শফিকুল ইসলাম মিন্টু সকলের দোয়া কামনা করেছেন।