মেহেরপুর নিউজ:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খোলায় শোলমারীকে হারিয়ে জয়ী হয়েছে সুবিদপুর।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ খোলায় সুবিদপুর এক লোনা পয়েন্টসহ ২৭-২৬ পয়েন্টে শোলমারীকে পরাজিত করে। প্রথমার্ধে ১২-৭ পয়েন্টে এগিয়ে ছিল সুবিদপুর। দ্বিতীয়ার্ধে শোলমারী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে সুবিদপুর।
মেহেরপুর সদর থানার উদ্যোগে ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।
খেলা উপভোগ করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক চেয়ারম্যান শহিদুল আলম, পৌর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম হেলেন, বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবীর ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু।