মেহেরাব হোসেন অপিঃ
মেহেরপুরের প্রত্যন্ত গ্রাম থেকে ক্রিকেটের স্বপ্ন নিয়ে পথচলা শুরু। বয়সভিত্তিক ক্রিকেট থেকে জেলা দল, ঢাকার প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ পেরিয়ে এবার মালয়েশিয়ার ক্রিকেট অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন আরিফুর রহমান। ধারাবাহিক পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন মালয়েশিয়া জাতীয় ‘এ’ দলে। এবার তাঁর স্বপ্ন মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে খেলা।
আরিফুর রহমান মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. রফিকুল ইসলাম। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে খেলাধুলায় যুক্ত হন তিনি।
মেহেরপুরের সব বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটে খেলেছেন। দায়িত্ব পালন করেছেন মেহেরপুর অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক হিসেবে। পাশাপাশি খেলেছেন মেহেরপুর জেলা সিনিয়র দলেও। দেশের ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করতে ঢাকার প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগেও অংশ নিয়েছেন আরিফুর রহমান। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান। তবে পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে খেলা চালিয়ে যান। সেখানে ক্লাব ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মালয়েশিয়ার মালাক্কা রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পান। টানা দুই বছর ক্লাব ও রাজ্য দলের হয়ে ভালো পারফরম্যান্সের পর ডাক পান মালয়েশিয়া জাতীয় ‘এ’ দলে। জাতীয় ‘এ’ দলের হয়ে প্রথম প্রস্তুতি ম্যাচেই ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে নির্বাচকদের নজর কাড়েন। এরপর কুয়েত ও কাতারের বিপক্ষে মালয়েশিয়া জাতীয় ‘এ’ দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান।
বর্তমানে মালয়েশিয়ার ক্লাব ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন আরিফুর রহমান। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৬৬ বলে ১৫৫ রান এবং ৭৭ বলে ১৫৫ রানের দুটি অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। সম্প্রতি ২৫ ওভারের একটি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৮০ বলে ১৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেও আলোচনায় এসেছেন।
আরিফুর রহমানের ভাষ্য, বিদেশি ক্রিকেটার হিসেবে অন্য দেশের জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জনের জন্য নির্দিষ্ট সময় দেশটিতে অবস্থান করতে হয়। মালয়েশিয়ায় তাঁর এখনো তিন বছর পূর্ণ হয়নি। তিন বছর পূর্ণ হলে এবং বর্তমান পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ তৈরি হবে বলে আশাবাদী তিনি। নিজের স্বপ্নের কথা জানিয়ে আরিফুর রহমান বলেন, আল্লাহর রহমতে এভাবে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলে একদিন মালয়েশিয়ার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই তরুণ ক্রিকেটার।
মেহেরপুরের যতারপুর গ্রামের এই তরুণের স্বপ্ন এখন আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা। তাঁর এই পথচলা শুধু নিজের নয়, মেহেরপুরের ক্রিকেটপ্রেমীদের জন্যও এক সম্ভাবনার গল্প।