মেহেরপুর নিউজ:
যশোর শিক্ষা বোর্ডের অধীনে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা ১০টি কলেজের তালিকায় স্থান করে নিয়েছে মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ। বোর্ডের অধীন ৫৮৯টি কলেজের মধ্যে প্রতিষ্ঠানটি নবম স্থান অর্জন করেছে।
এ অর্জনের মধ্য দিয়ে মেহেরপুর জেলার শিক্ষাঙ্গনে নতুন গৌরবের সংযোজন করেছে প্রতিষ্ঠানটি।
যশোর শিক্ষা বোর্ডের প্রকাশিত মেধাক্রম অনুযায়ী, সেরা ১০টি কলেজের মধ্যে প্রথম স্থানে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। দ্বিতীয় খুলনা নেভি স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় চুয়াডাঙ্গা ব্রিজ মডেল স্কুল অ্যান্ড কলেজ, চতুর্থ খুলনা সরকারি মহিলা কলেজ, পঞ্চম যশোর এম এম কলেজ, ষষ্ঠ খুলনা পাবলিক কলেজ, সপ্তম আকিজ কলেজিয়েট স্কুল, অষ্টম বিএল কলেজ খুলনা, নবম মেহেরপুরের সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ এবং দশম স্থানে রয়েছে খুলনা ক্যান্টনমেন্ট কলেজ।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৫৮৯টি কলেজের মধ্যে নবম স্থান অর্জন করায় সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।