মেহেরপুর নিউজ:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দীন খান বলেছেন, “একটি সময় ছিল, যখন অভিভাবক তাঁর শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার পর শিক্ষককে বলতেন, ‘মাংস আপনার, হাড় আমার।’ সেই সময়ের শিক্ষার্থীরা মানুষের মতো মানুষ হয়েছে। বর্তমানে শিক্ষকরা শিক্ষার্থীদের কিছু বললেই তারা ইউএনওর কাছে অভিযোগ করে।”
তিনি বলেন, বর্তমানে প্রকৃত শিক্ষকদের যথাযথ মূল্যায়ন হয় না। সময় এসেছে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করার। শিক্ষকরা যদি দিন দিন অবমূল্যায়িত হন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমরা আরও পিছিয়ে যাব। সুশাসন প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের মর্যাদা দিতে হবে।
শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পিএইচডি ডিগ্রিধারী এবং প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ও আননুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আলামিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। তিনি বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন প্রকৌশলী ভবন নির্মাণ করেন, একজন চিকিৎসক মানুষের জীবন বাঁচান। আর একজন শিক্ষক সেই প্রকৌশলী ও চিকিৎসক তৈরি করেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল রবিউল ইসলাম।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আমঝুপি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুব-উল আলম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম নজরুল কবীর, গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ড. রহিমা খাতুন, ড. মোস্তফা কামাল, ড. এমদাদুল হক, ড. মোস্তফা মো. [পূর্ণ নাম যাচাইযোগ্য], ড. গাজী রহমান ও ড. আলিমুদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, খাইরুল আনাম, আনোয়ারুল হুদা, সিরাজুল হক, কে এম মোরশেদুল বারী, আ কা ম ইসমাইল, মুসলিম উদ্দিন, কমল কৃষ্ণ, আনোয়ারুল ইসলাম, আনোয়ার হোসেন ও আওলাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর বি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ইমরান হোসেন, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, হোগলবাড়িয়া মোহাম্মদপুর বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খাইরুল ওরা এবং গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাবিদরা।
আলোচনা সভা শেষে পিএইচডি ডিগ্রিধারী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।