মেহেরপুর নিউজঃ
সরকারি কর্মকর্তাদের মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মী।
রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শওকত আরা আক্তার উর্মী বলেন, “আপনারা হলেন রাষ্ট্রের মূল চালিকাশক্তি। রাষ্ট্র যত শক্তিশালীই হোক না কেন, রাষ্ট্রের কাঠামো ঠিক না থাকলে এবং কর্মকর্তারা তাঁদের মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে রাষ্ট্রকে সহযোগিতা না করলে সেই রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না। উন্নয়নের অগ্রযাত্রায়ও এগিয়ে থাকতে পারে না।”
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে সরকারি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, দুই মাস আগে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মেহেরপুর জেলা সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল। তবে গত মাসে দশম স্থানে নেমে এসেছে। এ কার্যক্রম আরও সফলভাবে পরিচালনা করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা অপসারণের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, গত দুই বছরের তুলনায় জেলা পরিষদের কার্যক্রমে গতি অনেক বেড়েছে। জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নিতে তাঁরা চেষ্টা করছেন।
মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, এ জেলায় অনলাইন জুয়ার প্রবণতা বেশি বলে তিনি জানতে পেরেছেন। পাশাপাশি সাইবার অপরাধও বেড়েছে। তিনি বলেন, নতুন হিসেবে দায়িত্ব গ্রহণের পর পর্যায়ক্রমে অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল কবীর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ এন সালাউদ্দিন মঞ্জু, জেলা কমান্ড্যান্ট আল আমিন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, টিটিসির অধ্যক্ষ ড. শামীম হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, বিআরডিবির উপপরিচালক আব্দুল আলিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, জেলা রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কামাল মেহেদী, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন, এমএসআইয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।