মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ৫ কৃতি রোভারের ২৯তম মৃত্যুবার্ষিকী ও রোভার দিবস উপলক্ষে তাঁদের কবর জিয়ারত এবং স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা স্কাউটের উদ্যোগে পাঁচ কৃতি রোভারের কবর জিয়ারত করা হয়। পরে মেহেরপুর জেলা স্কাউট ভবনের সামনে নির্মিত রোভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবিরের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা রোভারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সম্পাদক ফররুখ আহমেদ, দুর্ঘটনায় আহত রোভার সদস্য ফারুক হোসেন এবং নিহত পাঁচ রোভারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মেহেরপুর পৌর কবরস্থানে নিহত রোভার সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২২ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা বাগানে অনুষ্ঠিতব্য সপ্তম এশিয়া-প্যাসিফিক ও নবম রোভার মুটে অংশ নিতে মেহেরপুর থেকে ভাড়া করা একটি বাসে সিলেটের উদ্দেশে যাত্রা করেন রোভার সদস্যরা। যাত্রার পরদিন, ২৩ অক্টোবর ১৯৯৭ সালের ভোরে, ঢাকার ধামরাইয়ের কাছে বাসটি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় মেহেরপুরের পাঁচ কৃতি রোভার সদস্য জাভেদ ওসমান, মাহফুজ, মনিরুল, আমিনুল ও মাসুম নিহত হন।
দুর্ঘটনায় নিহত পাঁচ রোভারকে স্মরণে রাখতে প্রতিবছর ২৩ অক্টোবর তাঁদের মৃত্যুবার্ষিকী ও রোভার দিবস উপলক্ষে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।