মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর শেখপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মঞ্জুর পরিবারকে আর্থিক সহায়তা, কম্বল ও শুকনো খাবার প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ অক্টোবর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে রাজনগর গ্রামের শাহার আলীর ছেলে মঞ্জুর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে হঠাৎ বাড়ির একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে টিনের ঘরের তিনটি কক্ষ ও দুটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই ঘরের তিনটি কক্ষ ও দুটি রান্নাঘর পুড়ে যায়।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।