মেহেরপুর নিউজ:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ এবং ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
রবিবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুন্সী ওমর ফারুক, সুশান্ত স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক সাফিয়া শারমিন, সমাজকর্মী ওয়াজেদ আলী খান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।