মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা ও মাইলমারি গ্রামে নারীসহ ১১ জন ব্যক্তিকে কামড়িয়ে আহত করা সেই ক্ষ্যাপা শিয়ালটিকে অবশেষে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসি।
শনিবার দিবাগত রাতে হিন্দা-মাইলমারী এলাকার একটি কালভার্টের নিকট শিয়ালটিকে পিটিয়ে হত্যা করা হয়।
এর আগে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিন্দা ও মাইলমারী গ্রামে প্রবেশ করে ক্ষ্যাপা শিয়ালটি নারীসহ অন্ততঃ ১১ জন ব্যক্তিকে কামড়িয়ে আহত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলের দিকে জঙ্গল থেকে একটি শিয়াল বের হিন্দা গ্রামে প্রবেশ করে। এ সময় শিয়ালটি একের পর এক মানুষকে কামড়ে আহত করে। পরে সন্ধ্যায় পার্শ্ববর্তী মাইলমারী গ্রামে প্রবেশ করে বেশ কয়েকজন ব্যক্তিকে কামড়ে আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।