মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনীতে অবৈধ অস্ত্র রাখার দায়ে সামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সামরুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গাংনী তৎকালীন র্যাব ক্যাম্পের সদস্যরা তেরাইল গ্রামে সামরুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সামরুল পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর চাচা পাঞ্জাব আলীর ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ২ এবং এসটিসি নম্বর ২১/২০১৩। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামি সামরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তিনি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের দিন থেকে দণ্ড কার্যকর হবে।
মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোখলেসুর রহমান খান স্বপন এবং আসামিপক্ষে আইনজীবী আসাদুজ্জামান মামলা পরিচালনা করেন।