মেহেরপুর নিউজঃ
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ইয়াং টাইগার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মেহেরপুর ইলেভেন স্টার। মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাজবার দুর্দান্ত ব্যাটিং ও পল্লবের বিধ্বংসী বোলিংয়ে বহুরূপা একাদশকে ১০৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করে দলটি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর ইলেভেন স্টার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। দলের পক্ষে রাজবা ঝড়ো ব্যাটিং করে সর্বোচ্চ ৮৭ রান সংগ্রহ করেন। বহুরূপা একাদশের প্রকাশ ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।
জবাবে ২০৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইলেভেন স্টারের বোলার পল্লবের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বহুরূপা একাদশ। ১৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলটি মাত্র ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রকি সর্বোচ্চ ২৮ রান করেন। ইলেভেন স্টারের পক্ষে পল্লব ৪ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের রাজবা ফাইনালের সেরা খেলোয়াড়, ওমর সর্বোচ্চ রান সংগ্রহকারী, রাশেদ সর্বোচ্চ উইকেট শিকারি ও টুর্নামেন্টসেরা এবং লামিন সেরা ফিল্ডারের পুরস্কার লাভ করেন।